
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর খসড়া সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে মঙ্গলবার এ ব্যাপারে অধ্যাদেশ জারি করা হবে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে আইনের সংশোধনীর অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন।
আইনমন্ত্রী আনিসুল হক আগে জানিয়েছিলেন, জনগণের দাবির প্রেক্ষিতেই সরকার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে বর্তমান আইনে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
দেশে সম্প্রতি ধর্ষণের ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। এতে অংশ নিয়ে প্রতিদিনই তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে থাকা হাজার হাজার মানুষ। অনেকেই ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার দাবি জানান।



