স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আরার প্রবাসীদের দূতাবাসের সহায়তা

সৌদি আরবে আরার শহর এবং এর পার্শবর্তী এলাকার স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদেরকে এক্সিট ভিসার আবেদনে সহায়তার জন্য দূতাবাসের একটি প্রতিনিধি দল শহরটিতে যাবে।
গত রোববার দূতাবাস প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরার ও পার্শ্ববর্তী তুরাইফ, ওয়াইকিলা, রাফহা ইত্যাদি এলাকার যেসব প্রবাসীর কোম্পানী ও কফিল শহরের মকতবে আমলের আওতাধীন এবং যারা স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় দেশে ফিরতে চান, তাদেরকে আবেদন তৈরীতে সহায়তা করবে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের প্রতিনিধি দল।
এ উপলক্ষ্যে তারা আগামী ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে বৃহস্পতি ও শুক্রবার আরার শহরের আল মুহাম্মাদিয়া এলাকার আল মাহালেব বিন আবি সুফরাহ স্ট্রীটে অবস্থিত সাফা রেস্টুরেন্ট ও মসজিদের পিছনে অবস্থান করবে।
বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সেবা দেয়া হবে।



