বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেবে ইতালি

বাংলাদেশ থেকে বৈধপথে কৃষি শ্রমিক নেয়ার ব্যাপারে রাজি হয়েছে ইতালি সরকার। সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন।
তিনি জানান, চলতি বছর রোম সফরের সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রীকে বাংলাদেশের কৃষি শ্রমিকদের ফার্ম ওয়ার্কার্স প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। এর প্রেক্ষিতে বাংলাদেশকে এই সুযোগ দিল ইতালি সরকার।
তিনি আরও বলেন, বাংলাদেশি কৃষি শ্রমিকরা নিয়ম ভঙ্গ করে দেশে গিয়ে ফিরে না আসার কারণে, ইতালি সরকার এ সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল।
এর আগে বাংলাদেশ ও ইতালির মধ্যে একটি চুক্তির আওতায়, প্রায় ১৮ হাজার বাংলাদেশি সে দেশে গেলেও, নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আসেন একশোর কম শ্রমিক। এ কারণে ইতালি ২০১২ সালে এই সুবিধা বন্ধ করে দিয়েছিল।
দীর্ঘ ৮ বছর পর, ইতালি সরকার বাংলাদেশকে কালো তালিকামুক্ত করার ফলে, দেশটিতে সিজনাল ভিসায় প্রবেশের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।



