লক্ষ্মীপুরে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে পানিতে ডুবে কামরুন নাহার সাথী (৪) ও সুমাইয়া আক্তার (৫) নামে দুই শিশু মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়ের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে দুই মেয়েকে হারিয়ে পরিবারের সদস্যরাসহ আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাদের মা-বাবার কান্না দেখে সমবেদনার ভাষা খুঁজে পাচ্ছে না স্থানীয়রা। মৃত সাথী একই এলাকার রিকশা চালক কামাল হোসেনের মেয়ে ও সুমাইয়া মাছ ব্যবসায়ী সেলিমের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির পুকুরের পাশে সাথী ও সুমাইয়া খেলছিলো। হঠাৎ করে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা গেছে।
জামাল উদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি



