নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন: দেলোয়ার আরো ৭ দিনের রিমান্ডে

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার ‘হোতা’ দেলোয়ার হোসেনকে তিন মামলায় মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
রোবববার দেলোয়ারকে জেলার তিন নম্বর আমলি আদালতে হাজির করে ধর্ষণ, অস্ত্র এবং বিস্ফোরক আইনের তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১৭ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মাসফিকুল হক এ তিন মামলায় মোট সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম হারুন জানান, এর মধ্যে ধর্ষণ মামলায় পাঁচ দিন এবং অস্ত্র ও বিস্ফোরক মামলায় এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বেগমগঞ্জ মডেল থানায় নির্যাতনের শিকার ওই নারীর করা ধর্ষণ মামলায় দোলোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অস্ত্র ও বিস্ফোরক আইনে র্যাবের করা দুই মামলায়ও প্রধান আসামি তিনি। তিনটি মামলাই তদন্ত করছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
এছাড়া ২০১৮ সালে একলাশপুরে সংগঠিত অন্য একটি জোড়া খুনের মামলাসহ দু’টি মামলায় দেলোয়ারকে গ্রেপ্তার দেখানোর আবেদনও এদিন মঞ্জুর করছে আদালত।
গত ৪ অক্টোবর একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে ব্যাপক আলোড়ন হয়। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা হলে দোলোয়ার এলাকা ছেড়ে পালিয়ে যান। ৫ অক্টোবর নারায়নগঞ্জের সিদ্ধিরগগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করে বলে র্যাব জানায়।



