রায়হান হত্যা: জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস পররাষ্ট্রমন্ত্রীর

সিলেটে রায়হান হত্যার প্রধান অভিযুক্ত পুলিশের এসআই আকবর হোসেন ভূইয়া বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
এদিকে, এ হত্যা ঘটনায় পুলিশের কনস্টেবল টিটু চন্দ্র দাসকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর রায়হান আহমদ নিহতের প্রতিবাদে এবং এসআই আকবরসহ অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে, বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদের বাড়িতে গিয়ে স্বজনদের সাথে দেখা করেন পররষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এসময় তদন্ত সাপেক্ষে হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।
এদিকে,রায়হান হত্যাকান্ডের ঘটনায় সাময়িক বরখাস্ত কনস্টেবল টিটু চন্দ্র দাসকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জিয়াদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সিলেট পুলিশ লাইন থেকে টিটিুকে গ্রেফতার করে পিবিআই।
এর আগে,শহরের কোর্ট পয়েন্ট এলাকায় রায়হান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন ব্যবসায়ী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
কাইয়ুম উল্লাস, সিলেট প্রতিনিধি



