
সড়ক দুর্ঘটনা কমাতে সরকার আরও কঠোর অবস্থানে যাচ্ছে বলে জানালেন, সড়ক পরিবহন কর্তৃপক্ষের, সড়ক নিরাপত্তা শাখার পরিচালক শেখ মো. মাহবুব-ই-রব্বানী। নিয়মিত তদারকির মাধ্যমে ফিটনেসবিহীন গাড়িসহ, সড়কের সব অসঙ্গতি দূর করার কথাও জানান তিনি।
আর, সড়কের শৃঙ্খলা ফেরাতে পরিবহন মালিক সমিতির সুপারিশগুলো বাস্তবায়নের তাগিদ দেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি, তাদের প্রশিক্ষণ দেয়ার পক্ষে মত দিয়েছেন পরিবহন মালিকরা। একই সঙ্গে, মহাসড়কে অবৈধ ছোট যান চলাচল বন্ধেরও দাবি জানান তারা।
সড়ক দুর্ঘটনারোধে রাস্তার ব্ল্যাকস্পট মেরামত ও সড়ক-মহাসড়কে গতি নিয়ন্ত্রণসহ- সরকারকে বেশ কিছু সুপারিশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সুপারিশগুলোর বাস্তবায়ন হলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে মনে করেন, সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
সড়কে বিশৃঙ্খলা রোধে গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদানে আরও স্বচ্ছ ও কঠোর হওয়ার কথা জানালেন, বিআরটিএ’র এ কর্মকর্তা। সড়ক নিরাপত্তায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথাও জানান তিনি।
পাশ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে দুর্ঘটনার হার অনেক কম হলেও, তাতে আত্মতুষ্টিতে না ভুগে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলেও জানান, মাহবুব-ই-রব্বানী।
হাকিম মোড়ল, বাংলা টিভি



