কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৮

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। শনিবার (২৪শে অক্টোবর) সন্ধ্যার দিকের ওই ঘটনায় অন্তত ৫৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ওই হামলার দায় স্বীকার করে শনিবার সন্ধ্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে আইএস। অন্যদিকে ঘটনার পরপরই তালিবানরা জানিয়েছে, এই হামলায় তাদের কোনো দায় নেই। বিবিসি জানিয়েছে, কাবুলের শিয়া অধ্যুষিত ওই এলাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটিতে থেকে শত শত শিক্ষার্থী পড়ালেখা করে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তারিক আরিয়ান বলেন, শরীরে বিস্ফোরক নিয়ে হামলাকারী শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু পথেই তাকে বাধা দেওয়া হলে বিস্ফোরণ ঘটায় সে। গত শুক্রবারই কাবুলে আরেক বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়। সরকারের পক্ষ থেকে অবশ্য সে জন্য তালেবানদের দায়ী করা হয়। তবে তালেবানরা তা অস্বীকার করে। আইএসও ওই হামলার দায় স্বীকার করেনি।
আর গত বৃহস্পতিবার উত্তর আফগানিস্তানের প্রদেশ তাকারের রাজধানী তালুকান শহরের কাছের একটি মাদ্রাসায় সরকারি বাহিনীর বিমান হামলায় ১২ শিক্ষার্থী নিহত হয়, আহত হয় ২৪ জন।



