
নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় টান পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের পেটে। রাস্তার পাশে সস্তায় ডাল ভাত আর ভর্তার খাবারই ছিল যাদের একমাত্র অবলম্বন, সেই একি খাবার খেতে গুনতে হচ্ছে দিগুণ টাকা।
খরচের হিসাব মেলাতে অনেকেই আগের তুলনায় খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছেন। এতে করে ফুটপাতের খাবার হোটেল ব্যবসায়ীদের আয় নেমে এসেছে অর্ধেকে।
রাস্তার পাশে খাবার হোটেল। থরে থরে সাজানো বাহারি আইটেমের মধ্যে ডাল, ভাত, সবজি আর আলু ভর্তা, এখন নিম্ন আয়ের মানুষের নিত্যদিনের আহার। আর সামর্থ্য একটু বেশি থাকলে তালিকায় যোগ হয় ডিম কিম্বা মাছ। তবে সম্প্রতি নিত্য পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় টান পড়েছে, দিন মজুর এসব খেটে খাওয়া মানুষের পেটে।
আগে যেখানে ডাল, ভাত,সবজি, আলু ভর্তা কিংবা ডিম অথবা মাছ দিয়ে একবেলা খাবার খরচ ২৫-৪০ টাকায় সীমাবদ্ধ থাকত সেখানে এখন একই ধরণের খাবার খেতে গুনতে হচ্ছে দিগুণ অর্থ।
এদিকে, নিত্যপণ্যের বাজার বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখি থাকায় এবং খাবার বিক্রি কমে যাওয়ায় লাভ-ক্ষতির হিসাব মেলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে রাস্তার পাশের হোটেল ব্যবসায়ীদের।
চাল ডাল আলু পেঁয়াজসহ সবজির বাজার নিয়ন্ত্রণে না আসলে আগামীতে জীবন যাপন আরও কঠিন হয়ে যাবে বলেও জানান এসব স্বল্প আয়ের মানুষ।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



