
আগামী শীতে করোনার দ্বিতীয় ঢেউ বাংলাদেশের জন্য বড় হুমকি হবে না পূর্বাভাস দিয়ে, এ নিয়ে ভয় পাবার কোন কারণ নেই বলে আশ্বস্ত করেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল।
তবে, করোনা জয়ে সতর্কতার কোনো বিকল্প নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি। সিঙ্গাপুর থেকে অনলাইনে বাংলা টিভিকে দেয়া এক সাক্ষাতকারে, এসব মন্তব্য করেন এই অণুজীব বিজ্ঞানী।
প্রথম ঢেউ পার করে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামলাচ্ছে ইউরোপ। ব্রিটেন, ফ্রান্স, স্পেনসহ ইউরোপের একাধিক দেশ করোনা সংক্রমণ সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছে৷ করোনার দ্বিতীয় ধাপ নিয়ে শঙ্কায় বাংলাদেশও। ইতোমধ্যে করোনা মোকাবেলায় প্রস্তুতি নেয়ার ঘোষণাও দিয়েছে সরকার।
এদিকে, এ ব্যাপারে আশার কথা শুনিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। তিনি দাবি করেন, আগামী শীতে বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার আশঙ্কা খুবই কম। তবে, অবহেলা না ক’রে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলারও পরামর্শ দেন তিনি।
এ সময়, আগামী বছরের শুরুতেই করোনা ভ্যাকসিন বাজারে আসবে বলেও, আশার কথা জানান ড. বিজন শীল।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



