
সাংবিধানিক দায়িত্ব পালন না করতে পারলে চক্ষুলজ্জার জন্য হলেও নির্বাচন কমিশনের পদ থেকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, ঢাকা-১৮ আসনে বিএনপির উপ-নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আমানউল্লাহ আমান।
বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিকে, আসন্ন সব নির্বাচন সুষ্ঠু হওয়ার আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এসময় আমানউল্লাহ আমান বলেন, নির্বাচন একটি সাংবিধানিক অধিকার। সাংবিধানিক পদে থেকে সাংবিধানিক দায়িত্ব পালন না করতে পারলে নির্বাচন বন্ধ করে দিন। প্রার্থী যদি গণসংযোগ করতে না পারেন, ভোটার যদি ভোটকেন্দ্রে যেতে না পারেন, এজেন্টরা যদি ভোটকেন্দ্রে যেতে ভয় পান তাহলে ভোট করে লাভ কী? ভোট বন্ধ করে দেওয়া উচিত।
তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক দল। গণতন্ত্র বিশ্বাস করে গণতন্ত্র রক্ষার জন্য এই প্রতিকূলতার মধ্যেও আমরা নির্বাচন করছি। আমরা এর সর্বশেষ অবস্থা দেখতে চাই। নির্বাচন কমিশন ও সরকার কী পদক্ষেপ নেয়, এরপর সেটা জনগণ সিদ্ধান্ত নেবে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।



