নেভাদায় ঝুলে আছে ট্রাম্প–বাইডেনের ভাগ্য

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল ভোটের (৬) হিসাবে ছোট্ট অঙ্গরাজ্য নেভাদা। মার্কিন মুলুকের প্রেসিডেন্ট কে হবেন, তা ঠিক করতে এই ছোট রাজ্য নিয়ামক হয়ে উঠেছে।
নেভাদায় বাইডেন ভোট পেয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ২৫২টি। আর বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ভোট পেয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৬০৫টি। অর্থাৎ ভোটের ব্যবধান মাত্র ৭ হাজার ৬৪৭। আর শতাংশের হিসাবে এই ব্যবধান শূন্য দশমিক ৬ শতাংশ।
কিন্তু এই অঙ্গরাজ্যে এখনো ভোট গণনা বাকি প্রায় ১৪ শতাংশ। মার্কিন বিশ্লেষকেরা ধারণা করছেন, ফলাফল নির্ধারণে এই ভোট প্রভাব ফেলতে পারে। ফলে ফলাফল যেকোনো দিকেই ঘুরে যেতে পারে। কিন্তু সেখানকার সেক্রেটারি অব স্টেট কমিউনিকেশন ডিরেক্টর জেনিফার রাসেল সিএনএনকে নিশ্চিত করেছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১২টায় (বাংলদেশ সময় শুক্রবার) এই রাজ্যের ভোট গণনার আপডেট জানাবেন তাঁরা।
বাইডেন এই দুই অঙ্গরাজ্যে জিতলে ২৭০ ইলেকটোরাল ভোট নিশ্চিত। কিন্তু নেভাদার ভোট গণনা বাইডেনকে একটি দীর্ঘ প্রতীক্ষার মধ্যে ফেলে দিচ্ছে। আর যদি নেভাদা অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট ট্রাম্পের পকেটে চলে যায়, তবে ফলাফলের চিত্র বদলে যেতে পারে।
২০১৬ সালের নির্বাচনে খুব কম ব্যবধানে এই অঙ্গরাজ্যে জিতেছিলেন ডেমোক্র্যাটদের তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।



