পাটগ্রামে পুড়িয়ে হত্যার মামলায় গ্রেফতার আরও ২

লালমনিরহাটের পাটগ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতার হলো ৩১জন। রোববার রাতে পাটগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার রাতে মাইনুল ইসলাম, হাসানুর রহমান, আব্দুর রহিম ও সোহেল রানা চারজনকে গ্রেপ্তার করা হয়।
এদিকে হত্যা মামলার প্রধান আসামি আবুল হোসেনকে আজ আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে ডিবি পুলিশ। ২৯শে অক্টোবর সন্ধ্যায় পাটগ্রামে গুজব রটিয়ে শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হামলার ঘটনা ঘটে। নিহত যুবক শহিদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার আবদুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
এদিকে, (১ নভেম্বর) ঘটনাস্থল তদন্ত করে মসজিদের কোরআন অবমাননার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জাতীয় মানবধিকার কমিশনের অভিযোগ ও তদন্ত দলের পরিচালক আল মাহমুদ ফাউজুল কবির। এটা স্রেফ একটি গুজব বলে দাবি করা হয়েছে।



