জাতিগত বৈষম্য নিরসনে গুরুত্ব বাইডেনের

মার্কিন নির্বাচনে সদ্যবিজয়ী প্রেসিডেন্ট জো বাইডেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বলছে বাইডেন অর্থনীতি, জাতিগত বৈষম্য ও জলবায়ু পরিবর্তন ইস্যুকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। এদিকে, ডোনাল্ড ট্রাম্প আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে এখনও অনঢ়।
ক্ষমতা নেয়ার পর কী কী কাজ করবেন, সে কর্মপরিকল্পনা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা মোকাবিলায় যেসব বিশেষজ্ঞদের নিয়ে তিনি কাজ করবেন, সেসব নাম শিগগিরই প্রকাশ করবেন তিনি।
নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এরইমধ্যে বলেছেন, তিনি মুসলিমপ্রধান দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে, ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা বাতিল করবেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তি, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামগুলো ফেরাবেন।
আমেরিকাই প্রথম, নীতি ধারণ করে ট্রাম্প প্রশাসন যেভাবে বিশ্বে দায়িত্ব ও দায়বদ্ধতা থেকে নিজেদের গুটিয়ে নিয়েছিল, এর বিপরীতে বাইডেন প্রশাসনের নীতি হবে যুক্তরাষ্ট্রকে আবারো তার বৈশ্বিক নেতৃস্থানীয় অবস্থানে ফেরানো। বিশেষ গুরুত্ব পাব, দেশের মধ্যবিত্ত শ্রেণির মতামত এবং গণতান্ত্রিক পরিস্থিতি।
এদিকে, নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয়ের পর হোয়াইট হাউজে ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইন লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে তার দল রিপাবলিকানদের মধ্যেই চলছে বিভ্রান্তি, একপক্ষ তার সমর্থন করলেও অনেকেই রয়েছেন নীরব।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



