ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা, বিব্রত বাইডেন

ট্রাম্প ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা করায় বিব্রত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কোন কিছু করেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ার করেছেন তিনি। মঙ্গলবার ডেলওয়ার অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ক্ষমতা হস্তান্তরে বিলম্ব হলে ফেডারেল সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা ভাবছে বাইডেন শিবির। নিয়ম অনুযায়ী, ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেয়ার কথা থাকলেও বর্তমান প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প এখনও হার মেনে না নেয়ায়, সেই প্রক্রিয়া শুরু হয়নি।
অন্যদিকে, নির্বাচন হার না মানতে ট্রাম্পকে এবার জোরালো সমর্থন জানিয়েছেন রিপাবলিকানরা। সিনেটের শীর্ষ রিপাবলিকান নেতা বলছেন, নির্বাচনে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার শতভাগ অধিকার আছে ট্রাম্পের।
এর আগে মার্কিন নির্বাচনে ভোট গণনায় কারচুপি এবং জালিয়াতির অভিযোগে মামলা করে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির। গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোট গণনা চলছে। এরই মধ্যে শনিবার জো বাইডেনকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করে মার্কিন গণমাধ্যম।
প্রেসিডেন্ট ট্রাম্প ভোট গণনা এবং আইনি প্রক্রিয়া শেষ না হওয়ার আগে পরাজয় স্বীকার করবেন না বলে জানিয়েছে তাঁর প্রচার শিবির।



