এএসপি আনিসুল হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিম শিপনের হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনিয়মের বিরুদ্ধে অভিযুক্ত হাসপাতালে অভিযান চলমান, সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হবে।
এদিকে ‘মাইন্ড এইড’ হাসপাতাল কর্তৃপক্ষের নির্যাতনে শিপনের মৃত্যুর ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ। বুধবার দুপুরে এক বার্তায় এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় আনিসুল করিম হত্যার অভিযোগে মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ।
হাসপাতালের অ্যাগ্রেসিভ ম্যানেজমেন্ট কক্ষের ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, হাসপাতালে ৬-৭ কর্মী টেনেহিঁচড়ে ওই কক্ষের মধ্যে নিয়ে আসে আনিসুলকে। সেখানে তাকে কয়েকজন চেপে ধরে রাখতে দেখা যায়। একই সঙ্গে কয়েকজনকে তাকে কনুই দিয়ে আঘাত করতে থাকেন।
দীর্ঘক্ষণ নিস্তেজ হয়ে পড়ে থাকলেও আনিসুলের চিকিৎসার ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নেননি। পরে তাকে শ্যামলী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।



