
বিশ্বজুড়ে ফের বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। আজ পর্যন্ত বিশ্বে এ ভাইরাসে ৫ কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সর্বশেষ, গেল ৪৮ ঘন্টায় মারা গেছে প্রায় ২০ হাজার মানুষ।
যা বিশ্বে করোনা সংক্রমণের পর সর্বোচ্চ রেকর্ড। বিশেষজ্ঞরা বলছেন,সামাজিক সচেতনতা ও স্বাস্থ্যবিধি না মানলে, ভয়াবহ পরিণতির মুখে পড়বে মানবজাতি।
ইতোমধ্যে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন ও নানা বিধিনিষেধ চালু হয়েছে। প্রশ্ন আর শঙ্কা, এই ভাইরাসের দ্বিতীয় ঢেউ কী আরো ভয়াবহ হবে ।
পরিসংখ্যান বলছে বিগত সাত দিনে গড় হিসেবে বিশ্বে এই ভাইরাসে দৈনিক সংক্রমিত হয়েছে ৫ লাখের বেশি মানুষ। এতে ৩ কোটি থেকে ৪ কোটি মানুষের সংক্রমিত হতে সময় লেগেছে মাত্র ৩২ দিন। আর পরবর্তীতে এক কোটি ছুঁয়ে ৫ কোটিতে সংক্রমিত হয়েছে মাত্র ২১ দিনে। সর্বশেষ গত ৪৮ ঘন্টায় মারা গেছে প্রায় ২০ হাজার মানুষ।
করোনার ভ্যাকসিন নিয়েও রয়েছে নানাবিধ সমস্যা। এ ভ্যাকসিনকে প্রয়োগযোগ্য করে তুলতেও প্রয়োজন হচ্ছে বিস্তর পরীক্ষা-নিরীক্ষার। সে কারণে, অতিমাত্রায় ভ্যাকসিন নির্ভরতা ব্যুমেরাং হতে পারে বলে মত বিশ্লেষকদের।
স্বাস্থ্যবিধি মেনে বিশ্বের বিভিন্ন দেশ করোনা মহামারির ছোবল অনেকটাই সামলে নিতে পারবে। তবে সেক্ষেত্রে সামাজিক সচেতনতার কোন বিকল্প নেই বলে, আবারো মনে করিয়ে দিলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বাংলাটিভি/শহীদ



