সমুদ্র সম্পদ অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগবে: প্রধানমন্ত্রী

সমুদ্রসম্পদকে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজে লাগাতে হবে, সরকার এ বিষয়ে তৎপর বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোস্টগার্ডকে জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে, একথা বলেন তিনি। নিজস্ব শিপইয়ার্ডেই দেশিয় প্রযুক্তিতে অত্যাধুনিক সমুদ্রযান নির্মাণ সম্ভব, বাংলাদেশ তা করে দেখাচ্ছে বলেও জানান সরকারপ্রধান।
বাংলাদেশ কোস্টগার্ডের বহরে যুক্ত হল আরো ৯টি প্যাট্রোল জাহাজ। বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর জাতীয় ৪ নেতার নামানুসারে ৪টি এবং সোনারবাংলা, স্বাধীনবাংলা, অপরাজেয় বাংলা ও শ্যামলবাংলা নামে বাকি প্যাট্রোল জাহাজগুলো পাহারা দেবে দেশের সমুদ্র উপকূল। চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ড বার্থে বিসিজি বেইজ ভোলার কমিশনিং অনুষ্ঠানে এসব আধুনিক প্যাট্রোল নৌযান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সমূদ্রসীমা প্রতিষ্ঠায় ৭৫ পরবর্তী সরকারের কোন ভুমিকা ছিলো না বলে, উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, অপার সম্ভাবনার ব্লু ইকোনমিকে কাজে লাগাতে হবে। উপকূল নিরাপদ রাখতে কোস্টগার্ড সদস্যদের নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
দেশকে এগিয়ে নিতে সরকারের লক্ষ্য সুনির্দিষ্ট রয়েছে উল্লেখ করে, করোনা মহামারি থেকে সুরক্ষায় সতর্কতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



