মেহেরপুরে হাতির পিঠে বরের আগমন

মেহেরপুরের গাংনীতে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে বিয়ে করতে এসেছেন বর তুলিপ। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মুন্সিপাড়া থেকে হাতি, ঘোড়া, গরু ও মহিষের গাড়ি বহর নিয়ে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের সানজিদা আক্তার শাওনকে বিয়ে করতে যান কনের বাড়ীতে।
শাওন মদনা গ্রামের আকছেদ আলীর মেয়ে ও তুলিপ গাড়াডোব মুন্সিপাড়ার ময়নাল হকের ছেলে। যান্ত্রিক যুগে এ ব্যতিক্রমী বিয়ে বহর দেখতে রাস্তার দু’পাশে উৎসুক জনতার ভীড়।

বর তুলিপ বলেন, সকলেই মনে মনে একটু ব্যতিক্রম কিছু করতে চাই। সে উদ্দেশ্য এবং পিতার শখ পূরণের জন্য তার এ হাতিতে চড়ে বিয়ে করা। বরের আত্মীয় আখেরুজ্জামান জানান, করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এ ধরনের উদ্যোগ নেয়া ঠিক হয়নি।
তবে বরের পিতা ময়নাল হকের শখ পুরণে অল্প সংখ্যক লোকজন নিয়ে স্বল্প পরিসরে এ বিয়ের আয়োজন করা হয়েছে। বর্তমানে সব কিছুতে আধুনিকতার ছোঁয়া থাকলেও এ ব্যতিক্রমধর্মী বিয়ে পুরাতন ঐতিহ্যকে স্বরণ করিয়ে দিয়েছে বার বার।
আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি



