আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য, ঢাকায় কামাল আতার্তুক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে আসতে সম্মতি দিয়েছেন বলে জানালেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ে, তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের সঙ্গে সৌজন্য বৈঠক শেষে, এ কথা বলেন তিনি।
এসময় তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও বাংলাদেশের রাজধানী ঢাকায় তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তাফা কামাল আতার্তুকের ভাস্কর্য স্থাপন করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।
দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। ঘন্টাব্যাপী বৈঠকে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। পরে তথ্যমন্ত্রী গণমাধ্যমকে জানান, মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সম্মতি জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট।
এরমধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে, মত দেন তুরস্কের রাষ্ট্রদূত। শুধু মুজিববর্ষ নয়- আগামী বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান নিয়ে্ও দু”দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও, জানান তারা।
হাকিম মোড়ল, বাংলা টিভি



