
গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস দেশে আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ২৮০। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৭১৩ জন।
রোববার (২০ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৮ দশমিক ৬৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত ৩৮ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও নারী আটজন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে আট জন, সিলেট বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে দু’জন রয়েছেন। এছাড়া বরিশাল ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে তিনজন রয়েছেন। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছে।
এদিকে, কওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২০ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ২০ হাজার ১৩৭ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৯১ হাজার ৭৭২ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ১৫১ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬৪৪ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী এ ভাইরাসটি। আর এই সময়ে নতুন করে ১৪ হাজার ৫৬৬ বেশি মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।



