নেশার টাকার জন্য স্ত্রী-মেয়েকে হত্যার অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় নেশার টাকা না পেয়ে ঘুমন্ত স্ত্রী ও মেয়েকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ফিরোজ হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ। সোমবার (৪ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার গোপালহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, পলি খাতুন (২৫) ও তার পাঁচ মাস বয়সী মেয়ে শিশু টুকটুকি। ফিরোজ হোসেন ওই গ্রামের হাসিব আলীর ছেলে।
প্রতিবেশী ফারুক হোসেন বলেন, ‘কিছুদিন আগে বাসের সুপারভাইজার হিসেবে কাজ করার সময় একটি দুর্ঘটনায় ফিরোজের একটি পা কাটা পড়ে। এরপর সে সুস্থ হয়ে চার্জার অটোভ্যান চালাতো। একপর্যায়ে সে মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর সে ওই গাড়ি বিক্রি করে মাদক সেবন করে। এ ঘটনায় স্ত্রী প্রতিবাদ জানলে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়।
সেই সূত্রে গতরাতে ফিরোজ তার স্ত্রী ও মেয়েকে বালিশচাপায় হত্যা করে ঢাকায় পালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে থানা পুলিশ তাকে আটক করে।’



