
খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১ সংসদে পাস হয়েছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জাতীয় সংসদের অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি হয়। খুলনায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এ অঞ্চলের সব মেডিক্যাল কলেজ ও অন্যান্য চিকিৎসা সংক্রান্ত ইনস্টিটিউটগুলো এর অধীনে চলে আসবে। গত ১৯ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপন করা হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে চিকিৎসা শাস্ত্রে মানোন্নয়নে উচ্চ শিক্ষা, গবেষণা, আধুনিক জ্ঞান চর্চার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে সময়ের প্রয়োজনে এ বিশ্ববিদ্যালয় স্থাপন করা অতি প্রয়োজনীয় ও যুক্তিযুক্ত। ”
এ বিলে পরিদর্শন ও আর্থিক বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভূমিকার উল্লেখ রয়েছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া, ক্ষমতা ও দায়িত্বও বর্ণনা করা হয়েছে।



