ঘরের চালা কেটে ৩ লাখ টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘরের চালা কেটে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ব্যাংকের বুথ কার্ড সহ ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। রোববার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পিঠাঘুড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিখা বেগম জানান, তার স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকেন। তাই তার এক মাত্র সন্তানকে নিয়ে তিনি শ্বশুড়ালয়ে বসবাস করে আসছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি তার মেয়েকে নিয়ে পাশের গ্রাম হাটাবো চাঁদের টেক এলাকায় বাপের বাড়ি বেড়াতে যান।
সোমবার সকালে বাড়ি ফিরে দেখেন তাদের বসতঘরের টিনের চালা কাটা, আলমারী ও সুকেজের তালা ভাঙ্গা। স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূলবান কাগজপত্র ও ব্যাংক বুথ কার্ড নিয়ে গেছে ডাকাত দল। পরে দুপুরে ব্যাংকের ওই বুথ কার্ড থেকে প্রায় অর্ধলক্ষ টাকা তুলে নেয় ডাকাত সদস্যরা।
ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবারের ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি বাদি হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদের জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সোহেল কিরণ, রূপগঞ্জ প্রতিনিধি



