
চলমান মহামারি করোনা পরিস্থিতি মোকাবিলা করেও সরকারের সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনোমিক্স এন্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) এর পূর্বাভাস অনুযায়ী, অর্থনৈতিক বিকাশের চলমান ধারা অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বাংলাদেশ।
স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে নিয়েছিলেন বহুমুখী পরিকল্পনা; দিয়েছিলেন নতুন অর্থনীতির বার্তা।
ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনোমিক্স এন্ড বিজনেস রিসার্চ- সিইবিআর তাদের রিপোর্টে বলছে, কোভিড-১৯ মহামারি শুরুর আগের বছরগুলোতে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি ছিল বেশ ভালো এবং এটা ঘটেছে দেশটিতে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও। করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও, বাংলাদেশ তা এড়াতে পেরেছে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী এ প্রসঙ্গে বলেন, বঙ্গবন্ধুর দর্শনই বর্তমান সরকারের মূল শক্তি। বর্তমানে বাংলাদেশ উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছেও বঙ্গবন্ধুর দর্শনকেই ধারণ করার কারণে। তিনি বলেন, করোনাভাইরাসের মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পারায়, সামনের বছরগুলোতে ধারাবাহিক এবং জোরালো অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রত্যাশা করছেন তারা।
২০২০ সালের সূচক অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ ৪১তম অবস্থানে রয়েছে। সিইবিআর এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে এ অবস্থান হবে ৩৪ এবং ২০৩৫ সালে তা ২৫তম অবস্থানে পৌঁছে বাংলাদেশ হবে বৃহৎ অর্থনীতির দেশ।
আসাদ রিয়েল, বাংলা টিভি



