
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ ফেব্রয়ারি) সকাল ১০টায় সমাবেশ শুরুর কথা থাকলেও অনেক আগে থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যে প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা হয়।
পরে হাইকোর্টের মোড়ে একটি মিছিল আসলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ ও নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ ঘটে। পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এসময় লাঠিচার্জের শিকার হন বিএনপি নেতা ইশরাক হোসেন ।
এর আগে, গত বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সিদ্ধান্তের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তকে রাজনৈতিক অপচেষ্টা আখ্যা দিয়ে এর প্রতিবাদে শনিবার ঢাকাসহ দেশের সব মহানগরে এবং রবিবার দেশের সব জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করবে দলটি।



