
করোনা টিকা নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। এদিকে, কুর্মিটোলা হাসপাতালে বেলা সাড়ে ১১টার দিকে করোনার টিকা নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার সকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৌরবময় সেবার ৪৬ বছর উপলক্ষ্যে আয়োজিত পুলিশের টিকাদান কর্মসূচীতে টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন।
এসময় মন্ত্রী তার বক্তব্যে বলেন, টিকা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু জনগণ সব গুজব উপেক্ষা করে টিকা নিচ্ছেন। করোনা মহামারীর মধ্যেও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কার্যক্রমের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে রোববার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ১৬ লাখ ১০ হাজার মানুষ। আর টিকা গ্রহণ করেছেন ৯ লাখ ৬ হাজার ৩৩ জন।



