কঙ্গোতে জাতিসংঘের গাড়িবহরে হামলা

আফ্রিকা মহাদেশের মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে জাতিসংঘের এক গাড়িবহরে হামলায় দেশটিতে নিযুক্ত ইতালির দূত ও তার দেহরক্ষী ও জাতিসংঘ খাদ্য কর্মসূচীর একজন গাড়িচালক নিহত হয়েছেন। সোমবার হামলার এ ঘটনা ঘটেছে বলে ইতালি ও জাতিসংঘ জানিয়েছে।
কঙ্গোর উত্তর কিভু প্রদেশের ভিরুঙ্গা জাতীয় উদ্যানের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, স্থানীয় সময় সকাল সোয়া ১০টার দিকে কানিয়ামাহোরো শহরের কাছে অপহরণের উদ্দেশ্যে বহরটিতে হামলা চালানো হয়।
এলাকাটি আঞ্চলিক রাজধানী গোমা থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে। ইতালি সরকার এক বিবৃতিতে রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও, ইতালীয় পুলিশ সদস্য ভিত্তোরিও ইয়াকোভাচি এবং কঙ্গোলিজ গাড়িচালকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
গাড়িচালক জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচীর হয়ে কাজ করতেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। হামলায় গাড়িবহরটির আরো বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।



