দেশবাংলা

প্রবাসীর অর্থায়নে মাদারীপুরে দেশের দ্বিতীয় বৃহৎ শহীদ মিনার

বছর পাঁচেক আগে স্কুলের শিক্ষার্থীদের কলাগাছের তৈরি শহীদ মিনারে ফুল দিতে দেখে, বড় পরিসরে শহীদ বেদি গড়ার স্বপ্ন দেখেন, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান হাওলাদার। আর তা থেকেই, ইতালি প্রবাসী মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের অর্থায়নে মাদারীপুর সদরে নির্মাণ করা হয়েছে জাতীয় শহীদ মিনারের আদলে ৪৪ ফুট উচ্চতার দেশের দ্বিতীয় বৃহৎ শহীদ মিনার। এবার ২১শে ফেব্রুয়ারিতে, স্কুলের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ সেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা সংগ্রামীদের মাথা নত না করা আত্মত্যাগের দিনটি শুধু বাঙালিরই নয়, আজ তা হয়ে উঠেছে পৃথিবীর সকল মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার প্রতীক।

বাংলাদেশিদের পাশাপাশি পৃথিবীর নানা প্রান্তের ভিনভাষীরাও শহীদ বেদিতে ফুল দিয়ে, ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানান।

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে এসবিকে আদেলউদ্দিন হাওলাদার স্কুল এন্ড কলেজ মাঠে, জাতীয় শহীদ মিনারের আদলে নির্মিত হয়েছে ৪৪ ফুট উচ্চতার দেশের দ্বিতীয় বৃহৎ শহীদ মিনার।

একুশের প্রভাতফেরিতে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়, মাদারীপুরবাসী। এই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পেরে গর্বিত স্থানীয়রা।

স্মৃতির মিনারটির স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান চেয়ারম্যান। তিনি ইতালীতে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে, এখন দেশের জন্য সবসময়ই ভালো কিছু করার চেষ্টায় থাকেন।

জেলাপর্যায়ে, জাতীয় শহীদ মিনারের আদলে এতোবড় একটি শহীদ মিনার থাকাকে গর্বের বিষয় মনে করেন মাদারীপুরের প্রশাসনও।

সদিচ্ছা থাকলে যেকোন জায়গায় ভালো কিছু করা সম্ভব, তা মাদারীপুরের এই শহীদ মিনার দেখে বোঝা যায়। শহীদদের আত্মত্যাগের চেতনা নিয়ে জাতির ভবিষ্যৎ প্রজম্মও ভাষার মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকবে, এমনই প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর।

মেহেদী হাসান, মাদারীপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button