
ভোজ্যতেলের বাজারে দৌরাত্ম ঠেকানোই যাচ্ছে না। সরকারের বেঁধে দেয়া মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে তেল। চলতি সপ্তাহে, কোম্পানি ভেদে লিটারপ্রতি আরো ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে। রান্নায় নিত্যব্যবহার্য এই পণ্যটির দাম এমন লাগামহীনভাবে বাড়তে থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে, সপ্তাহ ব্যবধানে আবারো বেড়েছে প্রায় সবধরনের চালের দাম।
চলতি বছরের প্রথম থেকেই অস্থির ভোজ্যতেলের বাজার। অনিয়ন্ত্রিয়তভাবে বাড়তে থাকা তেলের বাজারমূল্যে লাগাম টানতে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত লিটারপ্রতি বোতলজাত সয়াবিনে সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৫ টাকা বেঁধে দেয় সরকার। সপ্তাহ খানেক কোনরকম সেভাবে চলার পর এখন আবার সে লাগাম ছুঁটে, বেড়েছে দৌরাত্ম।
এদিকে, সরকারের সিদ্ধান্ত তোয়াক্কা না করেই, বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি বিক্রি হচ্ছে ১৪০ টাকার উপরে। তেলের দাম নিয়ে রীতিমত ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।বাজার নিয়ন্ত্রণে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। এছাড়া, সপ্তাহের ব্যবধানে আবারো কিছুটা বেড়েছে সবধরনের চালের দাম।
অন্যদিকে, বাজারে কেবল শীতের সবজির দাম রয়েছে স্বাভাবিক পর্যায়ে। তবে নতুন আসা মৌসুমী সবজির দাম বেশ চড়া। এছাড়া মাছ-মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



