সৌদি যুবরাজের বিরুদ্ধে মামলা

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। দেশটির সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলা করা হয়। সোমবার (১ মার্চ) ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জার্মানির একটি আদালতে এ মামলা করে।
মঙ্গলবার( ২ মার্চ) রিপোটার্স উইদাউট বর্ডার্স জানায়, সাংবাদিকদের ওপর হামলা এবং নীরব করে দেওয়ার সৌদির রাষ্ট্রীয় নীতির নথিপত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার জার্মানির কার্লসরুহ এলাকার ফেডারেল কোর্ট অব জাস্টিসের কাছে এসব নথিপত্র জমা দেওয়া হয়েছে।
রিপোটার্স উইদাউট বর্ডার্সের সাধারণ সম্পাদক ক্রিস্টোফার ডেলোইরে এক বিবৃতিতে জানান, এ বিষয়ে তদন্ত করার জন্য আমরা জার্মান প্রসিকিউটরের প্রতি আহ্বান জানিয়েছি। আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে কারও থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
সৌদি আরবে কারাবন্দি ৩৪ সাংবাদিকের বিষয়েও বিস্তারিত তথ্য আদালতের কাছে উপস্থাপন করেছে আরএসএফ। এরমধ্যে ইসলাম অবমাননার দায়ে দেশটিতে ২০১২ সাল থেকে গৃহবন্দি ব্লগার রাইফ বাদাওয়ির তথ্যও রয়েছে।



