তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে ১১ সেনা কর্মকর্তা নিহত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সেনা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এবং ২ জন আহত হয়েছেন,দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্তৃপক্ষের।হেলিকপ্টারটি তুরস্কের বিতলিস প্রদেশের কেকমেস গ্রামের কাছে বিধ্বস্ত হয়। সেটি তাতভান শহর থেকে নিকটবর্তী বিনগল প্রদেশে যাচ্ছিল।
তুর্কি কর্মকর্তারা কর্মকর্তারা জানান, হেলিকপ্টারটির নয়জন ঘটনাস্থলেই মারা যান। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়াকে ‘দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
ন্যাটো মিত্র তুরস্কের এমন ক্ষতিতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। প্রয়োজনে যেকোনও ধরনের সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছে তারা। এর আগে, ২০১৭ সালে তুরস্কের ইরাক ও সিরিয়া সীমান্তবর্তী সিরনাক প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ সেনা প্রাণ হারিয়েছিলেন।
বাংলাটিভি/আন্তর্জাতিক



