সাংবাদিক আরিফুলকে নির্যাতন: ডিসি সুলতানার বিরুদ্ধে মামলা চলবে

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুলকে নির্যাতনের ঘটনায় তখনকার জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসিসহ জড়িতদের বিরুদ্ধে করা অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করতে সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেন হাইকোর্ট।
আরিফুল ইসলামের করা অভিযোগপত্র অনুসারে কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দীন, সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও সহকারী কমিশনার এসএম রাহাতুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এ মামলা গ্রহণ করতে বলা হয়।
একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সাংবাদিক আরিফুল ইসলামকে দেওয়ার সাজার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের ধারাবাহিকতায় ২০২০ সালের ৩১ মার্চ ডিসিসহ জড়িত অজ্ঞাতনামা ৩৫/৪০ জনের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় ফৌজদারি মামলা দায়ের করেন সাংবাদিক আরিফুল ইসলাম।
উল্লেখ্য, গেল বছরের ১৩ই মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামের উপর নির্মম নির্যাতন করা হয়। এ সময় তাকে ক্রসফায়ারের হুমকিও দেয়া হয়। এরপর আরিফের কাছে মদ ও গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। পরে ১৫ই মার্চ তিনি জামিনে মুক্তি পান।



