রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ার বালুখালীর চারটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ মার্চ) বিকেল ৩ টায় উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এতে সহস্রাধিক বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার সামছু-দৌজা নয়ন। তিনি বলেন, ‘সোমবার বিকেলে উখিয়ার বালুখালীর ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটে। বাতাসের গতিবেগ বেশী হওয়ায় আগুন দ্রুত পার্শ্ববর্তী ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়ে।
এতে অন্তত সহস্রাধিক বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুন লাগার সাথে সাথে স্থানীয় স্বেচ্ছাসেবক কর্মী ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেন।
দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে ক্যাম্পগুলো থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।’



