
করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সড়কে নেই সাধারণ মানুষের চলাচল। মানুষ আর যানবাহনের কোলাহলপূর্ণ সড়কে বিরাজ করছে সুনসান নীরবতা।টিপটিপ বৃষ্টি, জনশূন্য রাজধানীর প্রধান সড়কগুলো
শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই বন্ধ রয়েছে সড়কের পাশের দোকানপাট ও অন্যান্য সব প্রতিষ্ঠান। সড়কগুলোয় ছিল না মানুষের চলাচল। তবে লকডাউনের বিধিনিষেধ সর্বাত্মকভাবে পালন করাতে সড়কে ভ্রাম্যমাণ আদালত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।
এমনিতেই কঠোর লকডাউন, তার মধ্যে আবার সকাল থেকে বৃষ্টি। সবমিলে বিধিনিষেধের দ্বিতীয় দিন শুক্রবার একদমই ফাঁকা রাজধানী। অন্যদিকে পাড়া-মহল্লার অলিগলিতে কিছুটা ভিড় দেখা গেছে।অনেকেই সকালে বের হয়েছেন নিত্য-প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে। বৃষ্টির কারণে মানুষকে খুব একটা জটলা বেঁধে থাকতে দেখা যায়নি।
এদিকে রাস্তায় গতকালের তুলনায় আজ সকালে রিকশা ও ব্যক্তিগত গাড়ি একেবারেই কম চোখে পড়েছে। জরিমানা ও মামলার কারণে প্রাইভেট গাড়ি এবং মোটরসাইকেলের উপস্থিতিও কম ছিল।
বাংলাটিভি/এস



