সেনাবাহিনীতে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ডিজিটাল বাংলাদেশের কল্যাণেই মহামারির মতো সংকটকালীন পরিস্থিতির মধ্যেও সবধরণের কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে। গণভবন থেকে ভার্চুয়ালি সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদ সভায় যুক্ত হয়ে এ একথা বলেন তিনি।
এসময় যোগ্যতার ভিত্তিতে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের পদোন্নতি দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে সৎ, নির্মোহ, ন্যায়পরায়ণ, জনবান্ধব, মানবিক গুণসম্পন্ন এবং সর্বোপরি কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব প্রদানে সফল অফিসারদের খুঁজে বের করে দেশের সেনাবাহিনী আরো এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সেনাবাহিনীর নির্বাচনী পর্ষদ সভায় বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা বলেন দেশের গণতন্ত্রকে সুসংহত রাখতে একটি সুশৃঙ্খল ও অত্যাধুনিক সেনাবাহিনী অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। এজন্যই মহান মুক্তিযুদ্ধের আদর্শে বলীয়ান, সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগে সদা প্রস্তুত, পেশাদার এবং দায়িত্বজ্ঞানসম্পন্ন অফিসারদের হাতে এর নেতৃত্ব ন্যাস্ত করতে হবে। শৃঙ্খলাই সেনাবাহিনীর মেরুদণ্ড।
সবশেষে সরকার প্রধান বলেন ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি আওয়ামী লীগ দিয়েছিলো, ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করেছে সরকার।
বাংলাটিভি/ এস



