দেশের ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে শহীদ শেখ কামালের অনেক অবদান: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বহুমুখী প্রতিভার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের ক্রীড়া ও সংস্কৃতির বিকাশে তাঁর বিরাট অবদান রয়েছে। শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব ও ক্রিয়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।এ সময় তিনি বলেন,শেখ কামাল জীবিত থাকলে সংস্কৃতি চর্চা ও খেলাধুলায় বাংলাদেশ আরো এগিয়ে যেত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপূত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রবর্তিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরে ১৫ আগষ্ট হত্যাকান্ডের ঘটনাকে জাতির পিতার প্রতি বিশ্বাসঘাতকতার ঘৃণ্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এ সময় আন্দোলন-সংগ্রাম ও খেলাধুলায় শেখ কামালের ভুমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন,তার যে বহুমুখী প্রতিভা ছিল তা বিকশিত হলে সব অঙ্গনের উন্নয়নে ভূমিকা রাখতে পারতো। শেখ কামালের দেখানো পথ ধরেই, বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে নিজেদের মেলে ধরবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রবর্তিত পুরস্কারের জন্য সাতটি ক্যাটাগরিতে মোট ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দু’টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়।পুরস্কার হিসেবে প্রত্যককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেয়া হয়।
বাংলাটিভি/ এস



