বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

বঙ্গবন্ধুর হত্যাকারীরাই ইতিহাস থেকে মুছে যাচ্ছে: কাদের

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে যারা তাঁকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিলো আজ তারাই ইতিহাস থেকে মুছে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার সকালে আইডিইবি মিলনায়তনে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর ভোকেশনাল ও টেকনিক্যাল এডুকেশন দর্শন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা এবং দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলো তাদের জীবনেও ঘটেছে রক্তাক্ত বিদায়ের ট্র্যাজেডি। হত্যা হত্যাকেই ডেকে আনে, হত্যা কাউকে ক্ষমা করে না।ইতিহাস কোনো স্বৈরশাসকের রক্তচক্ষুকে পরোয়া করে না।

করোনার অভিঘাত মোকাবেলায় অনেক চ্যালেঞ্জ সামনে নিয়ে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এমন সংকটে সকল রাজনৈতিক দলের একটাই রাজনীতি হওয়া উচিত, তা হলো মানুষকে বাঁচানো, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো।

ওবায়দুল কাদের রাজনৈতিক দলগুলোর পাশাপাশি পেশাজীবি সংগঠনগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ভ্যাকসিন গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা ও অসহায় মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানান।

তিনি বলেন, করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক বিশ্বে প্রশিক্ষিত জনবলের যে চাহিদা তৈরি হবে, সে চাহিদার বিপরীতে বাংলাদেশ যেন সর্বোচ্চ সুযোগ নিতে পারে, সে বিষয়টি আমাদের এখনই ভাবতে হবে।

বিএনপি আগেও ভ্যাকসিন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছিলো। ছাত্র- ছাত্রীদের জীবন বাঁচাতেই সরকার করোনার এই সংকটে বন্ধ রেখেছে শিক্ষা প্রতিষ্ঠান, তাদের জীবন যদি না থাকে তাহলে শিক্ষিত হয়ে কি হবে? তাই জীবন বাঁচাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।

করোনাকালেও বিএনপির রাজনৈতিক কর্মসূচি একটাই, তা হচ্ছে পালাক্রমে সরকারের বিরুদ্ধে বিষোদগার আর মিথ্যাচার করা। বিএনপির কৌশল হলো মায়াকান্না আর লিপসার্ভিস।

অন্ধকারে ঢিল না ছুঁড়ে সরকার কোথায় কি অনিয়ম করছে বিএনপিকে তা স্পষ্ট করে বলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবকিছুতে ষড়যন্ত্র খোঁজা বিএনপির স্বভাবগত বৈশিষ্ট্যে রূপ নিয়েছে। অন্ধকারে ঢিল না ছুঁড়ে সরকার কোথায় কি অনিয়ম করছে তা স্পষ্ট করে বলুন।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button