জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে বঙ্গবন্ধুকে হত্যায় জড়িত বিদেশে পলাতক খুনীদের বিচার ও নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি জানান তারা।
বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙ্গালীর প্রতি।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১৫ আগস্ট ট্র্যাজেডিকে পৃথিবীর নৃশংস হত্যাকাণ্ড উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তাৎক্ষণিক প্রতিবাদ না হওয়ার জন্য যারা নেতৃত্ব দিয়েছেন তাদের পাশাপাশি নেপথ্যের কুশীলবদের মুখোশ উন্মোচনের সময় এসেছে।
বাঙ্গালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়,আর সেই কলঙ্ক মুছে দিতে অবিলম্বে জাতির পিতার সকল খুনিদের রায় কার্যকরের দাবি জানান, শ্রদ্ধা জানাতে আসা অনেকে।
বাঙ্গালীর মুক্তির জন্য নিজের জীবন-যৌবন উৎসর্গ করে গেছেন বঙ্গবন্ধু, তার এই আত্মত্যাগ হাজার বছর স্মরণে রাখবে জাতি,তার আদর্শের পথ ধরে এগিয়ে যাবে দেশ এমনটাই প্রত্যাশা সবার।
বাংলাটিভি/এস



