
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইস্কার বিলে, নৌকাডুবির ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। স্বজন হারানো বাড়ি বাড়ি চলছে শোকের মাতম। ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের তদন্ত দল।
দুর্ঘটনায় হতাহতের জন্য দায়ের করা মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। এদিকে, আর কোনো নিখোঁজের তথ্য না থাকায়, আপাতত স্থগিত করা হয়েছে উদ্ধারকাজ।
লইস্কার বিলে বালুর ট্রলারের ধাক্কায় যাত্রীবাহি নৌকাডুবির ঘটনায় স্বজন হারানো মানুষের আহাজারিতে ভারি হয়ে আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর। দুর্ঘটনায় এ পর্যন্ত উদ্ধার ২২ মৃতদেহের মধ্যে, এই ইউনিয়নেরই ১১ জন; রয়েছেন একই পরিবারের ৪ সদস্যও। ঘাট পরিচালনায় নিয়োজিতসহ দায়ীদের বিচার দাবি করেছেন নিহতদের স্বজনরা।
দুর্ঘটনায় তদন্ত নেমেছে জেলা প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনেছেন তারা। ঐ নৌ দুর্ঘটনার জন্য সাতজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার ৫ জনকে আটক করেছে পুলিশ। এদিকে, দিনভর অভিযান চালানোর পর সন্ধ্যায় উদ্ধার তৎপরতা স্থগিত করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
নৌকাডুবির ঘটনায় উদ্ধার আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঐ পথে নৌযান চলাচলে, সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



