
আজ থেকে দ্বিতীয় দফায় আলোচিত মেজর (অব.) সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এ সাক্ষ্যগ্রহণ চলবে আগামী বুধবার (৮ সেপ্টেম্বর) পর্যন্ত।
রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এদিকে দ্বিতীয় দফায় রোববার সকালে ৯টা ৪০ মিনিটের দিকে কারাগার হতে প্রিজনভ্যানে করে আদালতে আনা হয় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ ১৫ আসামিকে। এরপর আদালতে আসে আসামিপক্ষের আইনজীবীরা।
জানা গেছে, মামলার ৩ নম্বর সাক্ষী দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা। এ বিষয়ে সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, আজ ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নিতে পারব বলে আশা করছি।
এর আগে গত ২৩ থেকে ২৫ আগস্ট টানা তিন দিন মামলার ১ নম্বর সাক্ষী ও বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস এবং ২ নম্বর সাক্ষী ঘটনার প্রত্যক্ষদর্শী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ শেষ করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলের আদালত।
এদিকে এই মামলার ১ ও ২ নম্বর সাক্ষী ছাড়া বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য আজ রোববার থেকে আগামী বুধবার পর্যন্ত সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বিজ্ঞ আদালত।
প্রসঙ্গত, গত বছর ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর মেরিনড্রাইভ চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে।
এ ঘটনায় ৫ আগস্ট তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত মামলার তদন্তভার দেন র্যাবকে।



