
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে ফের অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার (৮ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে ফের অভিযোগ করেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভুইয়া গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ তথ্য।
এদিকে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। এর আগে গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আব্দুল্লাহ ভুইয়া বলেন মামলাটি অভিযোগ গঠনের সময় কিছু অংশ বাদ পড়েছিল। এ জন্য বিষয়টি আদালতে অবহিত করি। আদালত ফের আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামি পক্ষ সাক্ষীদের ফের ডাকবে না বলে জানান।
এর আগে গত ২৩ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আসামি পক্ষের সাফাই সাক্ষী শেষে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিন ধার্য করেছিলেন।
২০১৯ সালের ১৩ নভেম্বর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। এদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এর বাইরে তথ্য-প্রমাণের ভিত্তিতে আরও ৬ জনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয় অভিযোগপত্রে।
বাংলাটিভি/ সাকিব



