সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী বললেন ‘আই লাইক ক্রিটিসিজম’

করোনাকালে দেশের স্বাস্থ্য সেবা খাতের বেহাল দশা নিয়ে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ব্যাপক সমালোচনা হয়েছে। এসময় সমালোচনার জবাবে এসবের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়েই সংসদে এসেছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
এসব কারণে সংসদ জমেছে বলেও মনে করেন তিনি। এসময় সমালোচকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আই লাইক ক্রিটিসিজম।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত বেশ কটি বিলের জনমত যাচাই ও সংশোধনী বিষয়ে আলোচনায় অংশ নেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয় নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিতে পারেননি স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে এসময় সুনামগঞ্জের সংসদ সদস্য পীর ফজলুল রহমান বলেন টেকনোলজিস্ট নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে, সেটার অবসান হওয়া উচিত। প্রবাসীদের কল্যাণে প্রতিটি বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার প্রবাসী কল্যাণমন্ত্রীকে ঘেরাও করার পর ৭টি কোম্পানিকে ল্যাব স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দেওয়ার পরও কেন স্বাস্থ্যমন্ত্রী ব্যবস্থা নিতে পারেন না?
এছাড়া বিএনপির সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, করোনাকালে ৩০ হাজার লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু কোথায় সে লোক? আমরা তো সেটা দেখতে পাই না। কেনাকাটায় অনেক মজা। তাই করোনাকালে কোটি কোটি টাকার কেনাকাটা হয়েছে সত্য। কিন্তু পর্দা কেনা হয়েছে ২৫ হাজার টাকায় বলেও সমালোচনা করেন তিনি।
বাংলাটিভি/ সাকিব



