তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না: তথ্যমন্ত্রী

সম্প্রতি বিএনপির সিরিজ বৈঠকের কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে কোনো লাভ নেই। তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না।
সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে আগামী সংসদ নির্বাচন।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কোনো দলের অধীনে নয়। নির্বাচন কমিশন স্বাধীন। স্বাধীনভাবেই তারা নির্বাচন পরিচালনা করে থাকে।’
আজ শনিবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে সাবেক সংসদ সদস্য ও অধ্যক্ষ মরহুম এম এম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে ১৩ বছরে বাংলাদেশকে বদলে দিয়েছেন। উন্নয়নের ছোঁয়া শুধু শহরে নয়, গ্রাম-গ্রামান্তরেও লেগেছে। গ্রামগুলোও এখন শহরে পরিণত হয়েছে। এখন কাউকে আর খালি পায়ে দেখা যায় না। গ্রামের মানুষও এখন আর বাসি পান্তাভাত খায় না। এটাই হচ্ছে শেখ হাসিনার বদলে দেওয়া বাংলাদেশ।
এ সময় ডিজিটাল বাংলাদেশ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গ্রামে বসে এখন সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করা যায়। মোবাইলের মাধ্যমে ঘরে বসেই টাকা লেনদেন করতে পারে সাধারণ মানুষ। ঘরে বসেই স্কুল, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পরছে। এটাই হচ্ছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।
বাংলাটিভি/ সাকিব



