একটি মহল দেশের অগ্রযাত্রার গতি থামিয়ে দিতে চায়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করে বলেছেন বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতি থামিয়ে দিতে চায়।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশ যখনই এগিয়ে যায় তারা চায় অস্থিতিশীল করে তুলতে। আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে, তারা দেশকে পিছিয়ে দিতে চায়।
সেতুমন্ত্রী আরো বলেন, করোনার স্থবিরতা কাটিয়ে জনজীবনে গতি ফিরতে শুরু করেছে। মানুষ ফিরে পেতে শুরু করেছে চিরচেনা কোলাহল আর চাঞ্চল্য৷ এ সময় আমাদের সবার রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পুরোপুরি নষ্ট করে দিচ্ছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপিই মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনো মূল্য দেয়নি। আর্থ-সামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে, যা মানুষের মনে আশা জাগিয়েছে। লাখ লাখ তরুণ প্রাণে স্বপ্ন জাগিয়েছে শেখ হাসিনা সরকার।
বাংলাটিভি/ সাকিব



