স্থিতিশীল বৈশ্বিক খাদ্য ব্যবস্থা গড়ার আহবান প্রধানমন্ত্রীর

বিশ্বের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে, বিশ্বব্যাপী একটি স্থিতিশীল খাদ্যব্যবস্থা গড়ে তোলার আহবান জানিয়ে ৫ দফা সুপারিশ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ ফুড সিস্টেমস ভার্চ্যুয়াল সামিটে, এ সুপারিশ পেশ করেন তিনি। আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে, ধনী-দরিদ্রের মধ্যে টিকা বিভাজন দূর করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, জাতিসংঘের সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার ‘জাতিসংঘ ফুড সিস্টেমস সামিট ২০২১’-এ ভার্চুয়ালি যোগদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়, পর্যাপ্ত খাবার পাওয়ার অধিকার একটি সার্বজনীন মৌলিক অধিকার উল্লেখ করে, স্থিতিশীল বৈশ্বিক খাদ্য ব্যবস্থা’ গড়ে তোলার জন্য পাঁচ দফা সুপারিশ পেশ করেন তিনি।
একইসঙ্গে, একটি বৈশ্বিক জোট ও অংশীদারিত্ব গড়ে তোলাসহ দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে খাদ্যের অপচয় হ্রাসেরও প্রয়োজনীয়তা তুলে ধরেন শেখ হাসিনা।
এছাড়া জাতিসংঘে ‘জাতিসংঘের সাধারণ এজেন্ডা: সমতা ও অন্তর্ভুক্তি অর্জনের পদক্ষেপ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় সমতার পৃথিবী প্রতিষ্ঠায় ধনী-গরিবের মধ্যে ভ্যাকসিন বৈষম্য কমানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বাংলাদেশের অভাবনীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব।
একই দিন নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট নিউয়েন হুয়ান ফুকের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব বৈঠকে পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বাংলাটিভি/শহীদ



