‘সাম্প্রদায়িক সংঘাতে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটতে চায়’

দেশে সাম্প্রদায়িক হামলা চালিয়ে সংঘবদ্ধচক্র রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে, বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, এসব অপশক্তিকে মোকাবেলার আহবান জানান তারা।
আর, বিএনপি উগ্রবাদীদের মাথার উপর ছাতা ধরে থাকার কারণে সাম্প্রদায়িক সংঘাত ঘটছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে তারা এসব কথা বলেন।
সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাম্প্রতি সাম্প্রদায়িক সন্ত্রাস রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি যোগ দেন ১৪ দলের নেতৃবৃন্দ।
৭১-এর পরাজিত শক্তি এখনো দেশে অপ তৎপরতা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ গোষ্ঠীকে সবাই মিলে প্রতিহত করতে হবে।
এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সম্প্রতি রক্ষায় জন্য অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়া প্রয়োজন।
অতীত থেকে এ পর্যন্ত দেশে যতগুলো সাম্প্রদায়িক হামলা সংগঠিত হয়েছে, তার সবগুলোতে বিএনপির ইন্ধন রয়েছে বলে- উল্লেখ করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
এছাড়া দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে, সরকারের একনিষ্ঠতা সবচেয়ে জরুরি বলে জানান ১৪ দলের কেন্দ্রীয় নেতারা।
বাংলাটিভি/ সাকিব



