দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: স্থানীয় সরকার মন্ত্রী

দেশের অগ্রযাত্রাকে রুখতে একটি স্বার্থান্বেষী মহল মন্দিরে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বুধবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশানে স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমাদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতেই একটি গোষ্ঠী এসব ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
নেদারল্যান্ডসের আদলে গ্রহণ করা শতবর্ষী ডেল্টা প্ল্যানকে দেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী জানান, এই প্ল্যান বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে চিহ্নিত করে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে সরকার।
নগর এবং গ্রাম দুটোকেই সমান বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে।শর্ট টার্ম অথবা লং টার্ম যে প্রকল্পই নেওয়া হোক না কেন সেগুলো অবশ্যই টেকসই ও প্রডাক্টিভ হতে হবে এবং টাইমলাইন অনুযায়ী শেষ করতে হবে।
মন্ত্রী বলেন, মানুষ শহরমুখী হওয়ার মূল কারণ হিসেবে যেসব বিষয় উল্লেখ করা হয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নাগরিকের আধুনিক সুবিধা নিশ্চিত না করা।প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে।
বাংলাটিভি/শহীদ



