দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, নিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠানগুলো বাইরে কোনো প্রতিষ্ঠানের দায় নেবে না সরকার। সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ২০২২ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদের সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে সচিবালয় থেকে যুক্ত হন।
পরে সচিবালয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় আসন্ন ২০২২ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়েছে বলে জানান তিনি।
এছাড়া ঔষধ আইন- ২০২১, আটিয়া বন সংরক্ষণ আইন- ২০২১ ও কপিরাইট আইন- ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয় আজকের মন্ত্রিসভার বৈঠকে।
বাংলাটিভি/শহীদ



