
কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ ৪ জনের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা এ রিমান্ড মঞ্জুর করেন।
সিআইডির কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বলেন, ইকবালসহ ৪ জনের সাত দিনের রিমান্ড শেষ হয়েছে। আজ তাদের আদালতে তোলা হয়। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে তাদের আরও ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
কোরআন অবমাননার মামলায় গত ২৩ অক্টোবর প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, শহরের দারোগাবাড়ি মাজারের দুই খাদেম ফয়সাল, হুমায়ুন এবং জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরে কল দেওয়া ইকরামের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ২৫ অক্টোবর এই মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়। সেদিন মধ্যরাতেই জিজ্ঞাসাবাদের পর ইকবালকে সঙ্গে নিয়ে দারোগাবাড়ি মাজার এলাকা থেকে মূর্তির গদাটি উদ্ধার করা হয়।
গত ১৩ অক্টোবর কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননার ঘটনায় বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ ও মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে।
বাংলাটিভি/শহীদ



